`বিশ্বকাপ প্রমাণ করবে, ওয়ানডে ক্রিকেট এখনো জনপ্রিয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটের আগ্রাসনে একদিনের ক্রিকেটের যে অপমৃত্যু হবেনা, এবারের বিশ্বকাপ সেটাই প্রমাণ করবে বলে মনে করেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। তিনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট প্রমাণ করবে ৫০ ওভারের ক্রিকেট নিয়ে সকলের শঙ্কা অমূলক এবং আগামীতে ক্রিকেটের তিন ফরম্যাটই সাবলীলভাবে, জনপ্রিয়তার সঙ্গে একসঙ্গে টিকে থাকবে।’২০০৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের আগমনের সঙ্গে সঙ্গে একদিনের ক্রিকেট টেস্টের পাশাপাশি টিকে থাকবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ দেখা দেয়। অনেকে টি-টোয়েন্টি ফরম্যাটের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলে ফেলেন। তবে পুরো ব্যাপারটিই লরগাতের কাছে কিছুটা বাড়াবাড়ি অভিব্যক্তি মনে হয়েছে। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডে-এই তিনফরম্যাটই গোটা ক্রিকেট বিশ্বে দারুণ জনপ্রিয়। এই তিনটি ফরম্যাটই বিশ্ব ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে টিকে থাকবে।’ব্যবসায়িকভাবে এখনো ৫০ ওভারের ক্রিকেট পৃষ্ঠপোষক ও টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আগের মতোই কাঙ্খিত উল্লেখ করে লরগাত বলেন, ওয়ানডে ক্রিকেট টিকে থাকবে না এমন কথা বলাটা খুবই অন্যায়। কারণ, ফরম্যাটের আবেদন কখনোই ফুরিয়ে যাবার নয়। ক্রিকেটের তিনটি ফরম্যাটেরই আলাদা, আলাদা আবেদন রয়েছে।’এবারের বিশ্বকাপ ক্রিকেটকে ইতিহাসের সবচেয়ে অনিশ্চয়তার বিশ্বকাপ হিসেবে অভিহিত করে লরগাত বলেন, এই বিশ্বকাপে আলাদা কোনো ফেবারিট দল নেই। শিরোপা জয় করতে পারে এমন কয়েকটি দলের নামই একসঙ্গে উল্লেখ করা যায়। আমার মতে এত উন্মুক্ত বিশ্বকাপ অতীতে কখনো ক্রিকেট বিশ্ব উপভোগ করেনি।’ দ্য নেশন।